আদিবাসী

আদি বিশ্বাস ও উৎসবে ফুল-বিহঙ্গের প্রভাব

বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের কাছে ফুল অতি পবিত্র। ফলে তাদের দৈনন্দিন উপাসনা ছাড়াও উৎসবের নানা আচারে ফুলের ব্যবহার লক্ষণীয়। পার্বত্য চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম জাতি মারমা। তারা উদ্‌যাপন করে নববর্ষবরণ অনুষ্ঠান বা ‘সাংগ্রাইং’। এটি তাাদের অন্যতম সামাজিক উৎসব।

কেন এই উৎসব? মূলত সংক্রান্তি শব্দ থেকেই এসেছে ‘সাংগ্রাইং’ শব্দটি। মারমারা বিশ্বাস করে, এ পৃথিবীতে সাংগ্রাং নামে এক ধর্মীয় দেবী মানুষের সৌভাগ্য আর কল্যাণ বয়ে নিয়ে আসেন। তাই স্বর্গ থেকে মর্ত্যে দেবী নেমে আসার অর্থাৎ পৃথিবীতে পা রাখার ক্ষণটি থেকেই শুরু হয় সাংগ্রাইং বা নববর্ষ উদ্‌যাপনের উৎসব।

পৃথিবীতে যে কদিন দেবী অবস্থান করবেন, সে কদিন ধরেই চলে উৎসবটি। সাধারণত তিন দিন এ উৎসবের আনুষ্ঠানিকতা উদ্‌যাপন করা হয়। সাংগ্রাং দেবীর ফুল পছন্দ। তাই এ উৎসবে ফুলের ব্যবহার অত্যাবশ্যকীয়। প্রথম দিনটিকে তারা বলে ‘পাইং ছোয়াইক’, যার শাব্দিক অর্থ ‘ফুল তোলা’। এদিন যুবতীরা গোলাপ, জবা, গন্ধরাজ, বেলিসহ নানা ধরনের পাহাড়ি সুগন্ধি ফুল সংগ্রহ করে। রাতে সেসব ফুল সাজিয়ে দল বেঁধে ভোরবেলা সবাই বৌদ্ধবিহারে গমন করে। আগেই বুদ্ধমূর্তির বেদির স্থানটুকু ফুল ও মাল্যে ভরিয়ে দেয়। অতঃপর তারা সেখানে মনের নানা ইচ্ছার কথা জানিয়ে প্রার্থনা করে।

আবার ফুলকে বরণ করতেই সমতলে সাঁওতালরা বাহাপরব বা বাহা উৎসব উদ্‌যাপন করে থাকে। সাধারণত ফাগুন মাসের শেষে বা চৈত্রের শুরুতে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। সাঁওতালি ভাষায় ‘বাহা’ মানে ‘ফুল বা কুমারী কন্যা’ আর ‘পরব’ মানে ‘অনুষ্ঠান’ বা ‘উৎসব’। অনেকেই এটিকে বসন্ত উৎসব বা পুষ্প উৎসবও বলে থাকে। বসন্তে শাল, শিমুল, পলাশ, মহুয়া, চম্পা ফুল ফোটে চারদিকে। বিচিত্র সাজে সজ্জিত হয় প্রকৃতি। কিন্তু বাহাপরবের আগে সাঁওতাল নারীরা সে ফুল উপভোগ করে না।

এ উৎসবটি তিন দিনের। তবে প্রথম দিনের অনুষ্ঠানই প্রধান। পরবের এক দিন আগে জাহের থান ও মাঝি থান নানাভাবে সাজানো হয়। নতুন সবুজ পত্রপল্লবে সেজে ওঠা ধরণি হলো পবিত্র কুমারী কন্যার প্রতীক। পরব শুরুর পূজায় দেবতাকে শাল ও মহুয়া ফুল উৎসর্গ করা হয়। অনুষ্ঠানে সাঁওতালরা শাল ফুলকে বরণ করে নেয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে।

গ্রামের এক প্রান্তে নির্দিষ্ট জায়গাতেই এ পূজার আয়োজন চলে। এ উপলক্ষে নির্দিষ্ট দিনে জাহের থানে শালগাছের খুঁটি দিয়ে অন্যান্য দেব-দেবীর জন্য প্রতীক হিসেবে ছোট ছোট কয়েকটি চালাঘর তৈরি করা হয়। সাধারণত গ্রামের যুবকেরাই বন থেকে শালগাছ কেটে আনে এবং চালাঘর তৈরিতে সাহায্য করে। পূজার জায়গাটি ভালোভাবে নিকানো হয় গোবর দিয়ে। চালের গুঁড়া দিয়ে আঁকা হয় আলপনা।

পূজা উপলক্ষে মহৎ বা পুরোহিতকে উপোস থাকতে হয়। পূজার জন্য দেবতার আসন প্রস্তুত করেন তিনি। খানিকটা উঁচু জায়গায় তিনটি ধনুক গেড়ে দিয়ে সিঁদুর মাখিয়ে দেওয়া হয়। অতঃপর চলে পূজার আনুষ্ঠানিকতা। বিকেলের দিকে মহৎ বা পুরোহিতকে সঙ্গে নিয়ে সবাই দল বেঁধে গ্রামে ফিরে আসে। তাঁর মাথায় থাকে শাল ফুলের ডালা। তাঁর সঙ্গে এক যুবক মাটির কলসিতে এক কলসি জল ভরে মাথায় নিয়ে বাড়ি বাড়ি চলতে থাকে। একেকটি বাড়ির ওপর দিয়ে যাওয়ার সময় গৃহস্থ নারীরা ওই পুরোহিত ও যুবকটির পা ধুইয়ে দেয়। তাঁরাও প্রত্যেক গৃহস্থকে ঝুড়ি থেকে পবিত্র শাল ফুল প্রদান করেন। অতঃপর শুরু হয় আনন্দ নৃত্য। পুরুষেরা বাজায় মাদল-ঢোল। তালে তালে ঝুমুর নৃত্যে ব্যস্ত হয় আদিবাসী নারীরা। খোঁপায় শালসহ নানা রঙের ফুল ঝুলিয়ে, হাত ধরাধরি করে নাচে সাঁওতালরা।

ফুলের আধিক্য পাওয়া যায় পার্বত্য চট্টগ্রামের চাকমাদের বিজু উৎসবেও। উৎসবে মূল বিজুর আগের দিনটিকে তারা বলে ফুল বিজু। ওই দিন বাড়ির ছেলেমেয়ে, অনেক সময় বয়োবৃদ্ধ পুরুষ ও নারীরাও খুব সকালে ঘুম থেকে উঠে দলে দলে নানা দিকে ফুল সংগ্রহে বেরিয়ে পড়ে। তারা বিভিন্ন ধরনের ফুল তুলে নিজ নিজ বাড়িতে এনে ঘরদুয়ার সাজিয়ে নেয়। এ ছাড়া ফুল দিয়ে বুদ্ধপূজা, গৃহদেবতার পূজাও করে থাকে। এ সময় ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুলে ফুলে বাড়িঘর সাজানোর পর পোষা গরু, মহিষ ইত্যাদির গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। মূল বিজুর দিন প্রতিটি বাড়ির নারী-পুরুষ, ছেলেমেয়ে–নির্বিশেষে খুব ভোরে ঘুম থেকে উঠেই নদীতে বা জলাশয়ে স্নান সেরে নেয়। অতঃপর দলে দলে নদী, পাহাড়ি ছড়া বা জলাশয়ে ফুল ভাসিয়ে দিয়ে পুরোনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানায়।

একইভাবে ত্রিপুরাদের কাছেও ফুল ভক্তির প্রতীক। ফুলের ব্যবহার দেখা যায় তাদের ‘হারিবৈসুর’ দিনটিতেও। ওই দিন চন্দন পানি দিয়ে গবাদিপশুকে স্নান করানো ও তাদের উন্নত মানের খাদ্য ও পানীয় খাওয়ানো হয়। অতঃপর ফুলের মালা পরিয়ে ধূপ জ্বালিয়ে শ্রদ্ধা ও ক্ষমা প্রার্থনা করে তারা। এদিন বাড়িঘর নিম ও আমপাতা, দূর্বাঘাস ও ফুল দিয়ে সাজানো হয়। কারণ, তাদের বিশ্বাস নিম, আম, ডুমুর, বট ও অশ্বত্থগাছের পাতা শান্তির প্রতীক, দূর্বাঘাস অমরত্বের প্রতীক, ফুল ভক্তির প্রতীক আর পান-সুপারি কল্যাণের প্রতীক।

লেখাটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথমআলোর অন্যআলো বিভাগে, প্রকাশকাল: ৩০ সেপ্টেম্বর ২০২৫

© 2025, https:.

এই ওয়েবসাইটটি কপিরাইট আইনে নিবন্ধিত। নিবন্ধন নং: 14864-copr । সাইটটিতে প্রকাশিত/প্রচারিত কোনো তথ্য, সংবাদ, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

Salek Khokon

সালেক খোকনের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটে ঢাকার বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে ‘কালি ও কলম’পুরস্কার লাভ করে। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। লেখার পাশাপাশি আলোকচিত্রে নানা ঘটনা তুলে আনতে ‘পাঠশালা’ ও ‘কাউন্টার ফটো’ থেকে সমাপ্ত করেছেন ফটোগ্রাফির বিশেষ কোর্স। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button